![]() |
| রাজধানীর আরও ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর |
রাজধানীর আরও ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকার যানজট নিরসন, সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজধানীর আরও কমপক্ষে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু হলে সিগন্যাল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে, যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে রাজধানীর বায়ুমান উন্নয়নেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



No comments:
Post a Comment