সরাসরিঃ

Thursday, July 23, 2026

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়েও চলছে নানামুখী আলোচনা

 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়েও চলছে নানামুখী আলোচনা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়েও চলছে নানামুখী আলোচনা

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত এ বিষয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়েও ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির কাছে বিএনপির উচ্চপর্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। একই সূত্রের ভাষ্য, পদত্যাগের পর রাষ্ট্রপতি কিছুদিন বিশ্রামে থাকতে পারেন এবং প্রয়োজন হলে চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন নাম আলোচনায় এসেছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানের নাম আগে আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী এক সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নতুন করে আলোচনায় এসেছে।

তবে এ বিষয়ে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "এ বিষয়ে আমি একেবারেই অবগত নই। আর এমন কিছু ঘটলে (রাষ্ট্রপতি পদত্যাগ) শূন্য পদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক।"

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন শুধু সাংবিধানিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি তাঁর অধস্তন কয়েকজন কর্মকর্তাকে শিগগিরই বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও এ তথ্যেরও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচন—উভয় বিষয়ই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

No comments:

Post a Comment