সরাসরিঃ

Friday, July 24, 2026

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা শিগগিরই - নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এ নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।



শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ জন্য দ্রুত ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরো জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে।

তিনি বলেন, একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শনিবার (২৫ জুলাই) সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার বা পরবর্তী সময়ে বৈঠক করে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ইসি।

No comments:

Post a Comment