সরাসরিঃ

Sunday, July 19, 2026

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল

 

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ২১ জুলাই ট্রাইব্যুনালে দাখিল।


নিজেস্ব প্রতিবেদক । আইন ও আদালত

ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত সংস্থা এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র‌্যাব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রসিকিউশনের আইনগত পর্যালোচনা শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এরপর আদালত অভিযোগ গ্রহণ, পরবর্তী শুনানি এবং বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশটি সরিয়ে দেওয়া হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে আলোচিত এ ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্ত করা হচ্ছে।

বিঃদ্রঃ এই প্রতিবেদনটি তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মানেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমনটি নয়। আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায়ের মাধ্যমেই দায়-দায়িত্ব নির্ধারিত হবে।

No comments:

Post a Comment