সরাসরিঃ

Thursday, July 30, 2026

দক্ষিণখানে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, লুটপাটের অভিযোগ


স্বামী-সন্তান বাইরে থাকায় বাসায় একাই ছিলেন সারা রোকসানা পিনু; ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে নিজ বাসায় ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর বাসা থেকে মূল্যবান মালামাল লুটের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, বিকেল ৩টার পর দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা করে ঘরের বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নিহতের মেয়ে হাসিন তানু জানান, বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে তিনি দেখেন জানালার গ্রিল কাটা। ঘরে ঢুকে মাকে বিছানায় শুয়ে থাকতে দেখেন, মুখের ওপর একটি বালিশ রাখা ছিল। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে শরীর স্পর্শ করলে সেটি ঠান্ডা মনে হয়। পরে তিনি দ্রুত স্কুলে ফিরে প্রধান শিক্ষককে বিষয়টি জানান। প্রধান শিক্ষক তার বাবাকে ফোনে খবর দেন এবং পরে পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে লুট হওয়া মালামালের তালিকা প্রস্তুতের কাজও করা হচ্ছে।

No comments:

Post a Comment