সরাসরিঃ

Saturday, July 25, 2026

এলপিজির বাজারে অরাজকতা: ১,২৫৩ টাকার সিলিন্ডার বিক্রি ২,১০০ টাকায়, ভোগান্তিতে সাধারণ মানুষ

এলপিজির বাজারে অরাজকতা: ১,২৫৩ টাকার সিলিন্ডার বিক্রি ২,১০০ টাকায়, ভোগান্তিতে সাধারণ মানুষ


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে অনেক ভোক্তাকে গুনতে হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত। কোথাও কোথাও অতিরিক্ত দাম দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা কাওসার খান জানান, গত ২৪ ডিসেম্বর তাঁর বাসার এলপিজি শেষ হলে আশপাশের একাধিক দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাননি। পরে একটি দোকান থেকে দেড় হাজার টাকায় একটি সিলিন্ডার কিনতে বাধ্য হন। তাঁর ভাষায়, "হঠাৎ এমন দাম বৃদ্ধি মেনে নেওয়া কঠিন।"

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান কল্যাণপুর নতুন বাজার এলাকার বাসিন্দা ফারজানা নীলা। তিনি বলেন, ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে তাঁকে ১ হাজার ৮০০ টাকা দিতে হয়েছে, যা সরকারি দামের চেয়ে প্রায় ৫৫০ টাকা বেশি।

মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা আসমা আখতারের অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, ১ হাজার ৮০০ টাকাতেও সিলিন্ডার না পেয়ে শেষ পর্যন্ত ২ হাজার ১০০ টাকা দিয়ে একটি ১২ কেজির এলপিজি কিনতে হয়েছে।

খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ফলে অতিরিক্ত দামে সিলিন্ডার কিনে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পরিবেশকদের দাবি, কোম্পানিগুলো প্রয়োজনীয় পরিমাণ এলপিজি সরবরাহ করছে না। ১ হাজার সিলিন্ডারের চাহিদা জানালেও মিলছে মাত্র ২০০ থেকে ৩০০টি।

সারা দেশের এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান বলেন, কিছু কোম্পানি প্রতি সিলিন্ডারে ৭০ থেকে ৮০ টাকা বেশি নিচ্ছে। তবে সরকারি মূল্য পুনর্নির্ধারণের আগে বাজারে ৫০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন।

এলপিজি ব্যবসায়ীদের সংগঠন লোয়াবের তথ্য অনুযায়ী, শীত মৌসুমে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বৃদ্ধি এবং আমদানিবাহী জাহাজসংকটের কারণে দেশে সরবরাহ কমেছে। গত ডিসেম্বরে এলপিজি আমদানি প্রায় ৪০ শতাংশ কমে যাওয়ায় বাজারে সংকট আরও তীব্র হয়েছে। ফলে পরিবহন ব্যয় বেড়েছে এবং সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

এলপিজির বাজারে অরাজকতা: ১,২৫৩ টাকার সিলিন্ডার বিক্রি ২,১০০ টাকায়, ভোগান্তিতে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞদের মতে, বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধে দ্রুত নজরদারি বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় সাধারণ ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে।

No comments:

Post a Comment